
রাইটার্স ডেস্ক
16/5/2026, 4:28

ছবি: সংগৃহীত
জনগণের তীব্র আকাঙ্ক্ষা ও দাবি থাকলে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। একই সঙ্গে কুমিল্লায় একটি নতুন কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দ্রুত বসার প্রতিশ্রুতি দেন তিনি।
পথসভায় প্রধানমন্ত্রী সরকারের সাম্প্রতিক কিছু কল্যাণমুখী পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, “আমাদের সরকার দেশের ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ সম্পূর্ণ মওকুফ করেছে।
নির্বাচনের আগে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা অল্প অল্প করে বাস্তবায়ন শুরু হয়েছে।” কুমিল্লার মানুষের কৃষিনির্ভরতার কথা বিবেচনায় নিয়ে এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন তিনি।
তবে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “গত ১৭ বছরে দেশকে অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে দেওয়া হয়েছে।
এই মুহূর্তে দেশের অর্থনীতি কিছুটা চাপের মধ্যে রয়েছে। আমরা ধীরে ধীরে সব দাবি বাস্তবায়ন করব, কিন্তু আপনাদের কিছুটা ধৈর্য ধরতে হবে।”
বক্তব্যে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “১৯৭১ সালে বহু রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। কিন্তু স্বৈরাচারের কবলে পড়ায় অন্যান্য স্বাধীন দেশের মতো আমরা উন্নতি করতে পারিনি।
২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণেরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। এখন আমাদের সবার মিলে দেশ পুনর্গঠনের উপযুক্ত সময়।”
চাঁদপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের ৫০ লাখ মা-বোনকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার জন্য বাজেটেও বিশেষ বরাদ্দ রাখা হচ্ছে। এছাড়া নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ইমাম ও ধর্মীয় গুরুদের সম্মানিত করার কাজ শুরু হয়েছে বলেও তিনি জানান। দেশ গঠনে সবাইকে কঠোর পরিশ্রম করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আল্লাহ পরিশ্রমীদের পছন্দ করেন।
এর আগে কুমিল্লার লাকসামের মুদাফ্ফরগঞ্জে আরেকটি পথসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বরুড়ার এই পথসভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ এবং কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া। সংবাদটি প্রধানমন্ত্রীর কুমিল্লা সফর ও স্থানীয় প্রতিনিধি সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
স/উ
পঠিত: 26 বার