
রাইটার্স ডেস্ক
5/6/2026, 5:09

ছবি: সংগৃহীত
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাগমারা গ্রামের রাজপাড়া রোডে আর্জেন্টিনা জাতীয় দলের পতাকার আদলে চারতলা বাড়ি রঙ করে এলাকাজুড়ে আলোচনায় এসেছেন প্রবাসী আব্দুল বাতেন ভূঁইয়া। বাড়িটির চার পাশই আকাশি-সাদা রঙে রাঙানো হয়েছে, যা দূর থেকেই পথচারীদের নজর কাড়ে। ব্যতিক্রমী এই উদ্যোগ দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ।
স্থানীয়দের মতে, ফুটবলের প্রতি গভীর ভালোবাসা থেকেই আব্দুল বাতেন ভূঁইয়া তার স্বপ্নের বাড়িটিকে আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে সাজিয়েছেন। চারতলা ভবনের ছাদ থেকে নিচতলা পর্যন্ত সর্বত্রই ফুটে উঠেছে বিশ্বকাপজয়ী দলটির রঙ ও আবহ।
প্রবাসী আব্দুল বাতেন ভূঁইয়া বলেন, “আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের একনিষ্ঠ সমর্থক। ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসির খেলা দেখেই আর্জেন্টিনা দলের প্রতি আমার ভালোবাসার শুরু। পরবর্তীতে কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার জীবন ও কীর্তি সম্পর্কে জানতে পেরে তার প্রতিও গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জন্মেছে। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকেই আমি আমার বাড়িটি দেশটির পতাকার আদলে রঙ করেছি।”
তিনি আরও বলেন, “ফুটবলের প্রতি আমার ভালোবাসা শুধু টেলিভিশনের পর্দায় সীমাবদ্ধ নয়। আমি বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন স্টেডিয়ামে বসে লিওনেল মেসির অসংখ্য ম্যাচ সরাসরি উপভোগ করেছি। প্রিয় দল ও প্রিয় খেলোয়াড়ের প্রতি আমার যে আবেগ ও ভালোবাসা, তারই বহিঃপ্রকাশ এই বাড়ি। চারদিক থেকেই আর্জেন্টিনার পতাকার রঙে সাজানো এই বাড়িটি আমার স্বপ্নের একটি অংশ।”
স্থানীয় বাসিন্দা শুকুমার দাস বলেন, “এমন ব্যতিক্রমী বাড়ি আমাদের এলাকায় আগে দেখা যায়নি। দূর থেকে দেখলেই বোঝা যায় এটি আর্জেন্টিনার পতাকার আদলে তৈরি করা হয়েছে। প্রতিদিন অনেক মানুষ বাড়িটি দেখতে আসছেন, ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। এটি এখন আমাদের এলাকার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।”
আরেক স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, “আব্দুল বাতেন ভাইকে ধন্যবাদ আমাদের প্রিয় দল আর্জেন্টিনার পতাকার আদলে বাড়িটি রঙ করার জন্য। এটি শুধু একটি বাড়ি নয়, বরং আর্জেন্টিনা ফুটবলের প্রতি ভালোবাসার এক অনন্য প্রকাশ।”
এ সময় তিনি আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “ম্যারাডোনা যেমন অসাধারণ একজন ফুটবলার ছিলেন, তেমনি তার সাফল্যের পেছনেও ছিল একদল নিবেদিতপ্রাণ সতীর্থ। রিকার্দো জিউস্তি, হেক্টর এনরিকে, সের্হিও বাতিস্তা, হুলিও ওলার্তিকোয়েচেয়া, পেদ্রো পাসকুলিসহ অনেক গুণী খেলোয়াড় নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছিলেন। তাদের সম্মিলিত প্রচেষ্টাতেই আর্জেন্টিনা বিশ্ব ফুটবলে গৌরবময় সাফল্য অর্জন করেছে। আজও সেই খেলোয়াড়দের অবদান আর্জেন্টিনা সমর্থকদের হৃদয়ে অম্লান হয়ে আছে।”
স্থানীয় ব্যবসায়ী বিল্লাল হোসেন বলেন, “ফুটবলপ্রেমের এমন ব্যতিক্রমী প্রকাশ খুব কমই দেখা যায়। আর্জেন্টিনার পতাকার আদলে চারতলা বাড়িটি রঙ করার মাধ্যমে আব্দুল বাতেন ভাই আমাদের এলাকাকে নতুনভাবে পরিচিত করেছেন। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ বাড়িটি দেখতে আসছেন, ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।”
তিনি আরও বলেন, “বিশ্বকাপ বা বড় কোনো টুর্নামেন্ট এলেই এই বাড়িটি আর্জেন্টিনা সমর্থকদের মিলনমেলায় পরিণত হতে পারে। একজন প্রবাসীর এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এটি শুধু একটি বাড়ি নয়, ফুটবলের প্রতি ভালোবাসা ও আবেগের একটি প্রতীক।”
এলাকাবাসীর মতে, ফুটবলের প্রতি ভালোবাসার এমন ব্যতিক্রমী প্রকাশ খুব কমই দেখা যায়। প্রবাসী আব্দুল বাতেন ভূঁইয়ার এই উদ্যোগ শুধু আর্জেন্টিনা সমর্থকদেরই নয়, সাধারণ মানুষেরও দৃষ্টি আকর্ষণ করেছে। ফলে বাগমারা গ্রামের রাজপাড়া রোডের এই বাড়িটি এখন এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেকের কাছেই এটি এখন ফুটবলপ্রেম ও আবেগের প্রতীক।
তথ্য ও ছবি
শেখ সাফুয়ান শামস্
পঠিত: 17 বার