
রাইটার্স ডেস্ক
20/5/2026, 6:19

ছবি: সংগৃহীত
ঢাকার নবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা এবং শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার (২০ মে) উপজেলার দুটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথকভাবে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই মেলা ও প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে তিন দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার রসি জাস্টিন কস্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন, সাধু যোসেফ সংঘ প্রদেশের প্রভিন্সিয়াল ব্রাদার রিপন জেমস গমেজ, আপন-এর পরিচালক ব্রাদার প্রদীপ লুইস রোজারিও এবং হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান মাকসুদুর রহমান প্রমুখ।
এই আসরে শিক্ষার্থীদের বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী, বিতর্ক, চিত্রাঙ্কন, সংগীত ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। খুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্ট ও সৃজনশীল উপস্থাপনা আগত অতিথিদের দারুণভাবে মুগ্ধ করে। আগামী শুক্রবার পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।
একই দিনে উপজেলার আরেকটি শীর্ষস্থানীয় নারী শিক্ষাপ্রতিষ্ঠান “সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে” দুই দিনব্যাপী বিজ্ঞান, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার হিমানী এলিজাবেথ রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্লা ধর্মপল্লীর পাল পুরোহিত মন্সিনিয়র গাব্রিয়েল কোড়াইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ডা. রফিকুল ইসলাম, হিল্লাল মিয়া, হাবিবুর রহমান, ইমরান হোসেন সুজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নবাবগঞ্জের এই দুটি বৃহৎ আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে। সংবাদটি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় প্রতিনিধি সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
পঠিত: 36 বার