
রাইটার্স ডেস্ক
2/6/2026, 2:38

ছবি: সংগৃহীত
দেশে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা এবং সাধারণ মানুষের চিকিৎসাব্যয় কমাতে বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ সিট ফাঁকা রাখা এবং সব ধরনের ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার বিশেষ নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ ফি সম্পূর্ণ মওকুফ করারও নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক এক জরুরি মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এই ঘোষণা দেন। মেডিকেল কলেজ হাসপাতাল, প্যাথলজি, বেসরকারি হাসপাতাল ও সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সব অংশীজনদের সঙ্গে ডেঙ্গু মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে চিকিৎসকদের ভিজিট বা পরামর্শ ফি নেওয়া যাবে না, রোগীরা শুধু ওষুধ ও খাবারের খরচ বহন করবেন। এছাড়া স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে এমন ওষুধ প্রয়োগ বন্ধেও কঠোর উদ্যোগ নিচ্ছে সরকার।
সভায় চিকিৎসা ব্যবস্থাপনার পাশাপাশি ভ্যাকসিনের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়। স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে ডেঙ্গুর কোনো ভ্যাকসিন আন্তর্জাতিকভাবে সর্বজনীন স্বীকৃতি না পাওয়ায় দেশে এখনই ডেঙ্গুর ভ্যাকসিন কার্যক্রম চালুর কোনো পরিকল্পনা সরকারের নেই। চিকিৎসকদের ওষুধ প্রয়োগে যথাযথ নিয়ম অনুসরণের নির্দেশনাও দেওয়া হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে মাঠপর্যায়ে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে সারা দেশে কঠোরভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোনো বহুতল ভবন, বাড়ির ছাদ বা আশপাশ অপরিচ্ছন্ন থাকলে এবং সেখানে মশার লার্ভা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা করা হবে। সংবাদটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভায় গৃহীত দাপ্তরিক সিদ্ধান্তের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
স/উ
পঠিত: 27 বার