
রাইটার্স ডেস্ক
2026-05-12

ছবি: সংগৃহীত
চলতি বছরের হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ জন বাংলাদেশি হজযাত্রী। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত মোট ১৩৪টি ফ্লাইটে তারা সৌদিতে গেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
মঙ্গলবার (১২ মে) প্রকাশিত হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদিতে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।
মৃতদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৩ জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১১ জন এবং মদিনায় মারা গেছেন ২ জন। সর্বশেষ মারা যাওয়া হজযাত্রী হলেন সাভারের নুসরাত শারমীন (৬২)। তিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।
হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৬৩টি ফ্লাইট। এছাড়া সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ৪৯টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ২২টি ফ্লাইট।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৫৬৫ জন।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স/ন
পঠিত: 34 বার