
রাইটার্স ডেস্ক
18/5/2026, 7:48

ছবি: সংগৃহীত
আগামী ২৬ মে (৯ জিলহজ ১৪৪৭ হিজরি) পবিত্র হজের মূল খুতবা দেওয়ার জন্য মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফিকে মনোনীত করা হয়েছে। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এক রাজকীয় আদেশে তাকে এই মর্যাদাপূর্ণ দায়িত্ব প্রদান করেছেন। সোমবার (১৮ মে) সৌদি রাজকীয় দরবার থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
ঘোষণা অনুযায়ী, হজের দিন আরাফার ময়দানে অবস্থিত ঐতিহাসিক মসজিদে নামিরাহ থেকে শায়খ হুদাইফি বিশ্ব মুসলিম উম্মাহর উদ্দেশে হজের মূল খুতবা প্রদান করবেন। ইসলামি শরিয়তে আরাফাতের খুতবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নত। প্রতি বছর এই খুতবায় হজের তাৎপর্য, বিশ্ব মুসলিমের ঐক্য, শান্তি এবং সমসাময়িক আন্তর্জাতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে দিকনির্দেশনামূলক বার্তা দেওয়া হয়। খুতবা শেষে হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করে সূর্যাস্ত পর্যন্ত দোয়া ও ইবাদতে মগ্ন থাকবেন। প্রতি বছরের মতো এবারও এই খুতবা বাংলাসহ বিশ্বের বিভিন্ন ভাষায় সরাসরি অনুবাদ করে সম্প্রচার করা হবে।
কে এই শায়খ আলী হুদাইফি?
১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবের মক্কা প্রদেশে জন্মগ্রহণ করেন শায়খ আলী হুদাইফি। তিনি রিয়াদের ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামিক ইউনিভার্সিটি থেকে শরিয়াহ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে মিসরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইনে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করেন।
তিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে (১৯৭৯ সাল থেকে) মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এছাড়া ১৯৮১ সালের রমজানে তিনি পবিত্র মসজিদুল হারামেও তারাবির নামাজে ইমামতি করেছিলেন। তাঁর সুললিত ও হৃদয়গ্রাহী কোরআন তেলাওয়াত বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের কাছে সমাদৃত। সংবাদটি সৌদি রাজকীয় দরবার ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
পঠিত: 23 বার