Logo
ভূ-মণ্ডল

এবার ভারতে ঈদের নামাজে নিষেধাজ্ঞা, আতঙ্কে ভারতের মুসলিমরা

রড

রাইটার্স ডেস্ক

28/5/2026, 12:25


এবার ভারতে ঈদের নামাজে নিষেধাজ্ঞা, আতঙ্কে ভারতের মুসলিমরা

ছবি: সংগৃহীত

ঈদুল আজহাকে সামনে রেখে ভারতের বিভিন্ন রাজ্যে খোলা জায়গায় নামাজ আদায়ের ওপর কড়াকড়ি আরোপ করায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। বিশেষ করে উত্তর প্রদেশ, দিল্লি ও কয়েকটি বিজেপিশাসিত রাজ্যে প্রশাসনের নতুন নির্দেশনা ঘিরে মুসল্লিদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ট্রাফিক নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলার কারণ দেখিয়ে উন্মুক্ত স্থানে ঈদের জামাত আয়োজন নিরুৎসাহিত করা হচ্ছে। কোথাও কোথাও মসজিদের বাইরে ভিড় না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে অনেক এলাকাতেই মুসল্লিরা ছোট ছোট দলে নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছেন।

উত্তর প্রদেশের মিরাট, আলিগড় ও সাহারানপুরসহ কয়েকটি এলাকায় মসজিদ কমিটিগুলো মুসল্লিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। মসজিদের ভেতর স্থান সংকুলান না হলেও বাইরে নামাজ না পড়তে অনুরোধ করা হচ্ছে। এছাড়া কোনো ধরনের বিতর্ক বা উত্তেজনা এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

স্থানীয় মুসল্লিদের অভিযোগ, আগে ঈদের সময় খোলা মাঠ বা রাস্তার পাশে অল্প সময়ের জন্য জামাত আয়োজন করা হলেও এখন সেটিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। অনেকেই মনে করছেন, ধর্মীয় অনুষ্ঠান নিয়ে অযথা নজরদারি ও চাপ বাড়ানো হচ্ছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি মুসল্লিদের “শিফটে” নামাজ পড়ার পরামর্শ দিয়েছেন। তার এক বক্তব্য ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। মুসলিমদের একাংশ বলছেন, এসব মন্তব্য তাদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি আরও বাড়িয়ে তুলেছে।

এদিকে মুসলিম সম্প্রদায়ের নেতারা বলছেন, বড় শহরগুলোতে অনেক মসজিদ ও ঈদগাহে বিপুলসংখ্যক মুসল্লির জায়গা হয় না। তাই বছরের বিশেষ দিনগুলোতে খোলা জায়গায় জামাত আয়োজন দীর্ঘদিনের প্রচলিত বাস্তবতা। সেটিকে এখন বিতর্কিত করে তোলা হচ্ছে বলে অভিযোগ তাদের।

বিশ্লেষকদের মতে, বিষয়টি শুধু ধর্মীয় আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ভারতে সংখ্যালঘু মুসলিমদের সামাজিক অবস্থান ও ধর্মীয় স্বাধীনতা নিয়েও নতুন প্রশ্ন তৈরি করছে। বিশেষ করে ঈদের মতো বড় ধর্মীয় উৎসব ঘিরে বাড়তি নজরদারি মুসলিমদের মধ্যে মানসিক চাপ বাড়াচ্ছে বলেও মত দিয়েছেন তারা।

স/ন


পঠিত: 28 বার