Logo
মেঠোপথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধ পিতাকে পিটিয়ে হত্যা

রড

রাইটার্স ডেস্ক

14/5/2026, 6:04


মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধ পিতাকে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথায় লিচু বাগানে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে আজিজুল মোল্যা (৬২) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে প্রকাশ্যে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত আজিজুল ফুলবাড়িয়া গ্রামের গুপিনগর পাড়ার মৃত মানো মোল্যার ছেলে। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটেছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক আজিজুলের লিচু বাগান পাহারা দেওয়ার টংঘরে প্রতি রাতে মাদকের আড্ডা বসাতেন পার্শ্ববর্তী চরবাংরাইল গ্রামের সাকিল মুন্সি ও তার সহযোগীরা। মাদক সেবনের পাশাপাশি তারা বাগান থেকে লিচু চুরি করতেন বলে অভিযোগ করা হয়েছে। আজিজুলের ছেলে আকরাম এতে বাধা দিলে সাকিল ও তার ভাই তুষার তাকে মারধর করে। পরে সন্ধ্যায় আজিজুল বাজারে গিয়ে ছেলের ওপর হামলার কারণ জানতে চাইলে সাকিল ও তুষার বাঁশের লাঠি দিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে জখম করে। গুরুতর অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ফুলবাড়িয়া গ্রামে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে পাল্টাপাল্টি হামলায় অন্তত ১৫টি বসতবাড়ি ভাঙচুর ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে। পরিবারের দাবি, হামলার সময় অন্তত ১৩টি গরু লুট করে নিয়ে গেছে প্রতিপক্ষ। রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত দফায় দফায় চলে এই তান্ডব, যার ফলে পুরো এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।


সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লুট হওয়া ১৩টি গরুর মধ্যে ১১টি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বাকি গরু উদ্ধার ও হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংবাদটি স্থানীয় সূত্র ও পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।



স/উ


পঠিত: 24 বার

সংবাদ পাওয়া যায়নি | Writers24