
রাইটার্স ডেস্ক
12/5/2026, 7:19

ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট একটি কামরা (কোচ) বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিদ্যমান আইনের বিধান যথাযথভাবে অনুসরণ করে এই সুবিধা নিশ্চিত করতে রেলওয়ে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন। তিনি জানান, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুযায়ী প্রতিটি ট্রেনে নারীদের জন্য একটি নির্দিষ্ট কামরা বরাদ্দ থাকা বাধ্যতামূলক। আইনের এই বিধানটি দীর্ঘদিন ধরে যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ায় আদালত এই নির্দেশনা দিয়েছেন।
আইনজীবী আরও উল্লেখ করেন, রেলওয়ে আইন অনুযায়ী ৫০ মাইলের বেশি পথ পাড়ি দেওয়া ট্রেনের ক্ষেত্রে ওই কামরার সঙ্গে একটি শৌচাগার সংযুক্ত রাখার বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া ১১৯ ধারা অনুযায়ী, নারীদের জন্য সংরক্ষিত কামরায় বিনা অনুমতিতে কোনো পুরুষ প্রবেশ করলে জরিমানার বিধানও রয়েছে। উচ্চ আদালত এই আইনি সুরক্ষাগুলো নিশ্চিত করার তাগিদ দিয়েছেন।
২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন আইনের এই ধারাগুলো বাস্তবায়নের দাবিতে একটি রিট পিটিশন দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ১০ মার্চ হাইকোর্ট রুল জারি করেছিলেন। রুলে জানতে চাওয়া হয়েছিল—আইনের বিধান অনুযায়ী ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা বরাদ্দ রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না।
বর্তমানে ওই রুলটি বিচারাধীন থাকা অবস্থায়, আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো নারী যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও কষ্ট লাঘব করতে একটি সম্পূরক আবেদন করা হয়। আদালত সেই আবেদনের শুনানি শেষে এই বিশেষ আদেশ প্রদান করেন। এর ফলে এবারের ঈদযাত্রায় ট্রেনগুলোতে নারীদের জন্য সংরক্ষিত আসনের পাশাপাশি আলাদা কামরা নিশ্চিত করতে হবে রেলওয়েকে।
পঠিত: 7 বার